দেশজ ক্রীড়ার এই জাতীয় আয়োজন শিকড়সন্ধানী

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:০০

আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতা হচ্ছে। দেশজ ক্রীড়াকে বিলুপ্তির হাত থেকে উদ্ধারের এই মহত্তর প্রয়াস জাতীয় চেতনা বিকাশের এক অনবদ্য উপলক্ষ্য। বিশেষ করে বাংলাদেশের প্রান্তবর্তী সুনামগঞ্জের মতো লোকজ সম্পদে ভরপুর জেলাকে এই ক্রীড়া প্রতিযোগিতার স্থান হিসেবে নির্বাচন করা সরকারের সুবিবেচিত সিদ্ধান্ত। ১৩টি ভিন্ন ধরনের দেশজ ক্রীড়া প্রতিযোগিতার আয়ো্জন থাকবে বলে জানা গেছে। তবে ১৩টি ইভেন্ট এখনও চূড়ান্ত হয়নি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে, হা—ডু—ডু, কুস্তি, লাঠিখেলা, তারাগুটি প্রভৃতি গ্রামীণ খেলা আয়োজনের তথ্য নিশ্চিত হওয়া গেছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা অবশিষ্ট গ্রামীণ খেলাগুলোর আয়োজন নিয়ে কাজ করছে। অনুশীলনের অভাবে আমাদের ঐতিহ্যবাহী বহু সম্পদ কালের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। এর মধ্যে লোকজ খেলা অন্যতম। সকলেই ছোটবেলার স্মৃতি রোমন্থন করলে বুঝতে পারবেন, ছেলেবেলার সেই খেলাগুলোর নাম এখনকার ছেলে—মেয়েরা জানেই না, সেগুলোর চর্চা করার কথা তো অনেক দূরের। টিমটিম করে এই অঞ্চলে কুস্তি খেলা এখনও টিকে আছে। বিস্মৃতির অন্ধকার থেকে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলোকে আবারও জনপ্রিয় করে তোলতে সরকারের এই উদ্যোগ আমাদের পুরনো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উন্মোচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেবল গ্রামীণ ও লোকজ খেলা নয়, মূলত আমাদের শিশু ও তরুণ—যুব সম্প্রদায় এখন প্রচণ্ডভাবে খেলাবিমুখ হয়ে উঠছে। তাঁরা দিনের একটি বড় সময় মোবাইল স্ক্রিনের সামনে কাটিয়ে সমাজ—সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। শহুরে ছেলে—মেয়েরা অতিরিক্ত পড়াশোনার চাপে খেলার কথা মনে করার সময়ই পায় না। অন্যদিকে গ্রাম ও শহরে কমে গেছে খেলার মাঠ। শহরের অধিকাংশ আবাসিক এলাকায় নেই কোনো মাঠ। বাচ্চারা অবসর সময়ে একটু দৌড়ানো বা খেলায় মগ্ন থাকার জায়গা পায় না। ফলে তাদের মোবাইল স্ক্রিন আসক্তি আশঙ্কাজনকভাবে বাড়ছে। মোবাইল আসক্তি আমাদের প্রজন্মকে মেধা ও শরীরচর্চার জায়গায় খুব বেশি পিছিয়ে রাখছে। মেধার উৎকর্ষতার জন্যও শারীরিক কসরতের প্রয়োজন হয়। সুতরাং সরকার প্রধানের দেশজ ক্রীড়া নিয়ে এই উৎসাহজনক উদ্যোগটি জাতি গঠনে শক্তিশালী ভূমিকা রাখবে। 

 


দেশীয় খেলায় ক্রিকেট, ফুটবল, হকি বা আধুনিক অন্যান্য খেলার মতো তেমন অর্থ খরচ করতে হয় না। এক চিলতে জায়গা পেলেই খেলার আনন্দে মেতে থাকতে পারে শিশু, কিশোর ও তরুণরা। একসময় আমাদের দেশে যেসব দেশীয় খেলার প্রচলন ছিলো তন্মধ্যে অন্যতম হলো— হা—ডু—ডু, গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, বউচি, কানামাছি, লাঠিখেলা, ডাংগুলি, মার্বেল খেলা, লাটিম খেলা, ষোলগুটি, কুস্তি, হাঁড়িভাঙা, রশি টানাটানি, দৌড়, দাঁড়াগুটি, সাঁতার, মোরগের লড়াই, ষাঁড়ের লড়াই, নৌকাবাইচ প্রভৃতি। এইসব গ্রামীণ খেলার অধিকাংশ আজ বিলুপ্তির শিকার। উপরোক্ত খেলার মধ্যে সাঁতার, হা—ডু—ডু ও কুস্তি আধুনিক খেলার তালিকায় নাম লিখিয়েছে। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এইসব খেলার আয়োজন হয়ে থাকে। দুঃখজনক হলেও সত্য যে, দেশের বাইরে অনুষ্ঠিত এ—সব প্রতিযোগিতায় আমাদের সফলতা খুব আশাব্যঞ্জক নয়। পানির দেশের মানুষ আমরা। আমাদের বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠী জন্মের পর থেকেই পায়ে হেঁটে অভ্যস্ত। শারীরিক পরিশ্রম করেই আমাদের জীবন সংগ্রাম পরিচালিত হয়। অথচ দৌড়সহ অ্যাথলেটিক্সের কোনো ইভেন্টেই আমরা উপমহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রদর্শনেও ব্যর্থ হই। সাঁতারের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা পারদর্শিতা দেখাতে পারি না। হা—ডু—ডু তে একসময় আমরা এশিয়ার সেরা হলেও উন্নতির ধারাবাহিকতা ধরে রাখা যায় না। খেলাধুলায় সফলতার মূলমন্ত্র হচ্ছে অনুশীলন, একাগ্রতা, মনোবল ও দৃঢ়তা। খেলার জন্য শরীরের উপযুক্ত পুষ্টির প্রাপ্যতা নিশ্চিত করাও সমান জরুরি। দারিদ্রের সাথে লড়াই করে বেঁচে থাকে মানুষ। খেলাসহ যেকোনো জায়গায় উৎকর্ষতা বৃদ্ধির প্রধান উপায় হলো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধি হলে জীবনমানের উন্নয়ন ঘটে। এই পথ ধরেই আসে সফলতার রঙিন পালক। 

 


দেশজ খেলার এই উৎসব কেবল একটি নিছক প্রতিযোগিতা নয়। এটি আমাদের শিকড়মুখী করবে। নিজের পূর্বপুরুষের কৃষ্টি ও ঐতিহ্যের সাথে পরিচিতি ঘটাবে। শারীরিকভাবে সক্ষম জাতি গঠনের লক্ষ্য পূরণেও এই প্রতিযোগিতা অত্যন্ত উপযোগী। ইদানীং মেয়েদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে একটি গোষ্ঠীর আপত্তি প্রবল হয়েছে বলে দেখা যায়। বিভিন্ন  জায়গায় সাংস্কৃতিক আয়োজনেও আসে নানামুখী বাধা ও প্রতিবাদ। অথচ সমৃদ্ধ জাতি গঠনে ছেলে—মেয়ে নির্বিশেষে সকলকে পড়াশোনা, খেলাধুলা, সংস্কৃতিচর্চায় নিয়োজিত হতে হবে। দেশজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনটি অভীষ্ট লক্ষ্য পূরণে সহায়ক হোক।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার